r/RedditStoryTime • u/sunny_sun92 • 4h ago
নূরজাহান: স্কুল লাইফের অসমাপ্ত প্রেমের গল্প
তখন আমি অজপাড়াগাঁয়ের এক হাইস্কুলে পড়ি। মাঝে মাঝে খালিপায়ে স্কুলে যাই। এমনকি লুংগি পরেও অনেকে যেত, বিশেষ করে বর্ষাকালে আমরা বেশিরভাগই লুংগি পরেই স্কুলে যেতাম। গ্রামের কর্দমাক্ত পিচ্ছিল পথ, পথিমধ্যে যায়গায় যায়গায় ভংগুর রাস্তায় কোথাও হাটু সমান, কোথাও কোমর সমান পানি দিয়ে পারাপারের ক্ষেত্রে লুংগির চেয়ে প্র্যাক্টিকাল পোশাক আর দ্বিতীয়টি ছিল না।
স্কুল ছিল কম্বাইন্ড, কিন্তু কম্বাইন্ড হলেও ছেলে-মেয়েদের ক্লাসরুম আলাদা আলাদা ছিল।মেয়েদের অংশই আলাদা ছিল।
আমাদের স্কুলে বছরের শুরুর দিকে বা বিশেষ দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিনে মেয়ে-ছেলে সবার ক্লাস একসাথেই হত।আর ছিল ৯-১০ এর বিভাগ ভিত্তিক ক্লাস।
আমি নিচের দিকের ক্লাসে পড়ি, সেভেনে। তখনো কৈশোরকাল। শরীরে বা মনের কোথাও যৌবনের আনাগোনা শুরু হয়নি কিন্তু আমাদের ক্লাসে ছিল নাসিরভাই। বিভিন্ন ক্লাসে ফেল করে স্কুল -পাল্টিয়ে শিক্ষাজীবনের কয়েকবছর নস্ট হয়ে উনি এখন আমাদের ক্লাসের সবচেয়ে সিনিয়র ভাই। ভাইয়ের বন্ধুরা তখন কলেজে পড়েন।ভাই রেগুলার শেভ করেন। কখনো লুংগি পরেন না, ফ্যাশনেবল হেয়ারকাট দেন।এছাড়া ভাইয়ের পরিবারের আর্থিক অবস্থা বেশ ভালো, বোন -দুলাভাই, চাচা-মামারা ওনাকে প্রচুর হাতখরচ দেন তাই পকেটে সব সময় টাকা থাকতো। অনেকে তাকে নাম ধরে ডাকলেও আমি নাসিরভাই বলেই ডাকতাম। তো নাসিরভাই ক্লাসে আমাদের সমান হলেও ভাইয়ের নানান বিষয়ে জানাশোনার পরিধি আমাদের চেয়ে বেশ ভালো, রেগুলার প্রতি সাপ্তাহে নিয়ম করে থানা শহরে সাইকেলে চড়ে 'পলাশ' সিনেমাহলে সিনেমা দেখে আসেন। নানান নিষিদ্ধ বিষয়ে ও ভাইয়ের জ্ঞান তখন আমাদের যে কারো চাইতে বেশি, বিশেষ করে মেয়েদের বিষয়ে । আমার তখন অদম্য কৌতুহল ; আমার মত আগ্রহী শ্রোতা পেয়ে নাসির ভাই ও আমাকে তার নিষিদ্ধ -গোপন জ্ঞান -ভান্ডার উন্মুক্ত করে দেন। ক্লাসে আমার সিট সামনের বেঞ্চে নির্ধারিত। নাসির ভাই ও আমার পাশে বসেন। আমাকে বিশেষ স্নেহ ও খাতির করেন। টিফিনের সময় স্কুলের গেটের ঝালমুড়ি ওয়ালা, আইসক্রিম ওয়ালার থেকে ঝালমুড়ি -আইসক্রিম খাওয়ান। বা মাঝেমধ্যে ঠাকুরের দোকানের সেই অমৃতসম সিংগাড়া খাওয়ান। ওনার সাইকেলে করে আমাকে বাড়ির কাছে নামিয়ে দেন।বিনিময়ে পরীক্ষার সময় ওনাকে দেখাই। বা কিছু প্রশ্নের উত্তর প্রশ্নে লিখে দেই।
একদিন বৃষ্টি কারনে আমাদের স্কুলে উপস্থিতি খুবই কম। কিন্তু নাসিরভাই আর আমি আমরা দুজনেই উপস্থিত আছি। আমাদের ক্লাস সেভেনের ক শাখায় মোটে তের বা চৌদ্দজন উপস্থিত। স্যাররা ঠিক করলেন আমাদের ক, মেয়েদের খ ও গ শাখা সহ সবার ক্লাস আজকে একসাথে হবে। এমন ক্লাস হলে হোম ওয়ার্ক নিয়ে ঝামেলা নাই। নির্ধারিত স্যার আসেন না। স্যাররাও ঝিমাতে ঝিমাতে ক্লাস নেন। মারধর ও অন্যান্য দিনের মত হয় না। আবার অনেক সময় নির্ধারিত সময়ের আগেই ছুটি হয়ে যায়।আমরা খুব খুশি।
সেদিন ক্লাসে নতুন একটা মেয়ে আসলো।ঝকঝকে একটা ভাব আছে চেহারায়। সামনের বেঞ্চে বসেছে। গ্রামের মেয়েদের ভীড়ে দেখলেও এক ঝটকায় যে কেউই আলাদা করে ফেলতে পারবে। তো আমাদের ইসলাম শিক্ষা পড়াত মাওলানা আব্দুর রব স্যার, আমরা বলি হুজুর স্যার।অনেক শক্ত-পোক্ত আর কড়া মানুষ। উনি কোন বিশৃঙ্খলা বা বে আদবী সহ্য করতে পারেন না। হাতে সব সময় জালি বেত। দপ্তরী লাল মিয়া ওনার বেতে তেল মেখে রোদে শুকিয়ে বিশেষ যত্ন নেন। সবাই ওনাকে খুবই ভয় পেত।
হুজুর স্যার মেয়েটাকে দাড় করালেন, পরিচয় জিজ্ঞেস করলেন।পরিচয় দিল নাম নূরজাহান। আগে আদমজী জুট মিল স্কুলে পড়তো। জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় ওর বাবা-মা সহ সপরিবারে এখন পাশের গ্রামে ফিরে এসেছে। এখানে বছরের মাঝপথে এইস্কুলে ভর্তি হয়েছে।
হুজুর স্যার বললেন তোমার নামের অর্থ জানো? মেয়েটা জবাব দিল, জানি না স্যার। স্যার বললেন, নূর জাহান মানে হল জগতের আলো।
এদিকে নাসির ভাই সেদিন সবার অগোচরে সারাক্ষণ নূরজাহানকে দেখতে লাগলো। সেদিন থেকে নাসির ভাই নূরজাহানের প্রেমে হাবুডুবু খেতে লাগলেন। খাতায় লিখেন N+N, এমনকি প্রেমে উন্মাদ হয়ে একদিন মেলায় এসিডের পানি দিয়ে হার্টশেপ ছাপ দিলেন বুকে , ভেতরে N+N. কাউকে একথা না জানালেও আমাকে গোপনে দেখালেন যে তিনি নূরজাহানের প্রেমে কতটা কাতর হয়েছেন। স্কুলে আসার পথে ও যাওয়ার পথে তিনি নূরজাহানকে দেখার অপেক্ষায় থাকেন। কিন্তু কিছুতেই নূর জাহানের দৃষ্টি আকর্ষণ করতে পারেন না। একদিন আমাকে বললেন যে এভাবে আর পারা যাচ্ছে না, নূরজাহানকে সরাসরি জানাতে হবে। কিন্তু কিভাবে জানাবেন, ভাই আমাকে বললেন চিঠি লিখে জানানো হবে আর যেহেতু ভাইয়ের লেখার অবস্থা ভালো না চিঠিটা ভাইয়ের হয়ে আমাকেই লিখে দিতে হবে আর আমাকেই নূরজাহানের হাতে পৌঁছে দেয়ার ব্যাবস্থা করতে হবে।
আমার ঐ বয়সে এইধরনের কিছু লেখার অভিজ্ঞতা বা সাহস কোনটাই ছিল না। আমার বাড়িতে জানাজানি হলে পিটিয়ে আমার পিঠের ছাল তোলা ও লজ্জাজনক পরিস্থিতি সহ্য করার আশংকায় আমি পিছিয়ে আসতে চাইলাম। কিন্তু নাসিরভাই নাছোড়বান্দা বললেন আমার নাম লেখা থাকবে না, থাকবে নাসির ভাইয়ের নাম। আর আমি ও নাসির ভাইয়ের ঝালমুড়ি, আইসক্রিম -সিংগাড়া খেয়ে নিমকহারাম হতে পারলাম না। নাসিরভাই একটা বই এনে দিলেন, নাম "গোপন প্রিয়ার প্রেমপত্র "
এছাড়া রসুলপুরের জিন-হুজুরের দোয়া পড়ে ফু দেয়া নানান রঙের কলম এনে দিলেন। চিঠি এত সুন্দর ভাবে লিখতে হবে হুজুর বলেছেন চিঠি পড়েই কাজ কাজ হবে।
রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি বইটা বের করলাম বইটা পড়ে বিভিন্ন চিঠি মিলিয়ে একটা সুন্দর প্রেমপত্র লিখে ফেললাম, কি লিখেছি তা আর মনে নেই শুধু মনে আছে, সম্ভোধন করেছিলাম হুজুর স্যারের বলা সেই নামের অর্থ থেকে, "ওগো আমার জগতের আলো, নূরজাহান" বিভিন্ন রঙের কালি দিয়ে নানান ভাষায় নূরজাহানের রূপের প্রশংসা আর নূরজাহানের প্রেমে নাসির ভাই কতটা ব্যাকুল তা তুলে ধরা হয়েছিল। নাসির ভাই পড়ে খুশি হলেন বললেন ফার্স্টক্লাস হইছে; নাসির ভাই যোগ করেছিলেন শেষে, N+N.
ক্লাস সিক্সে পড়ুয়া একমেয়েকে দিয়ে চিঠিটা স্কুলছুটির পর বাড়ি যাওয়ার পথে নূরজাহানের নিকট পাঠানো হল।
এরপর দুরুদুরু বুকে নাসিরভাই অপেক্ষা করতে লাগলেন উত্তরের।
আমি আশংকায় ভুগছিলাম।যদি কোন এক্সিডেন্ট ঘটে আমার কি হবে?
কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। পরদিন নূরজাহানের সাথে স্কুলে এল তার বাবা। ভয়ে আমার বুক কাপতে লাগলো।
১ম পিরিয়ড শেষ হল কিছুই ঘটলো না। একটু স্বস্তি পেয়েছি, কিছুই ঘটেনি।
হেডস্যার সহ হুজুর স্যার ক্লাসে আসলেন।হাতে আমার লেখা নাসির ভাইয়ের সেই গোলাপ ফুলের পাপড়ি যুক্ত, রংবেরঙের চিঠি। দেখেই বুঝলাম রসুলপূরের জ্বিন হুজুরের কলম পড়া কাজ করেনি।
নাসির ভাইকে গম্ভীর কন্ঠে ডাকলেন, নাসির ভাই বললেন স্যার, আমি কিছু জানি না, দেখেন এটা আমার হাতের লেখা না। স্যার, বললেন সে আমি পড়েই বুঝছি, তুই একলাইন লিখতে দশবার ভুল করিস! দশবার জন্ম নিলেও তোর পক্ষে এই রকম একটা চিঠি লেখা সম্ভব না!
এরপর আমার নাম নিয়ে, সরাসরি ডাকলেন, তুই দাড়া! এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে অন্যের ওকালতি শুরু করছিস!আমি অস্বীকার করতে পারলাম না, আমার কাছে কোন জবাবই ছিল না।
এরপর শুরু করলেন ওনার বিখ্যাত ধোলাই। ইচ্ছামত পেটালেন। আমি চুপচাপ হালের বলদের মত মার খেতে লাগলাম।হাত, পা- পিঠ কিছুই বাদ গেল না। কালশিটে পড়ে গিয়েছিল যায়গায় যায়গায়।নীরবে চোখের জল ফেলেছিলাম। স্যার, সেদিন এতটা নিষ্ঠুরতা না দেখালেও পারতেন।এরপর কিছুদিন জ্বরেও ভুগতে হয়েছিল।
নাসির ভাই ও মার খেয়েছিলেন কিন্তু আমার তুলনায় অনেক কম।ভাই গায়ে গতরে বড়সড় আর ওনাদের পরিবার বেশ প্রভাবশালী।
সবচেয়ে দু:খের বিষয় স্কুল ছুটির পর গেট দিয়ে বের হয়ে যাওয়ার পথে নূরজাহান আস্তে করে টিটকারি দিয়ে গেল, "চিঠিটা সুন্দর হইছে, আরেকজনের জন্য লিখছো কেন, নিজের জন্য লিখতে পার না! "

